শুক্রবার কক্সবাজারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রিচার্ড (৫০) নামের আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) বিদেশি এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
কেনিয়ার বাসিন্দা রিচার্ড কক্সবাজার জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান।
জানা যায়, তিনি বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন। তিনি ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) কক্সবাজার অফিসের ম্যানেজার ছিলেন।
এ বিষয়ে সদর হাসপাতালের আরএমও ডা. শাহীন বলেন, ‘রিচার্ড করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমরা এখনও তার বিস্তারিত পরিচয় হাতে পাইনি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে তার মরদেহটি হস্তান্তর করা হবে।’
এদিকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, এনজিওর একজন বিদেশি কর্মকর্তা করোনায় মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। এ বিষয়ে যথাযথ খোঁজ নিয়ে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।














