কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে গাঁজাসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এই সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল, দুটি সীমকার্ড ও দুই হাজার পচাঁশি টাকা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার উপজেলার কাশিপুর সীমান্তের পিলার ৯৪৩/এমপি হতে প্রায় এক কিলোমিটারের ভেতরে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে আটককৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও মোশারফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের উপর ভিত্তি করে সীমান্ত পিলার ৯৪৩/এমপি হতে কাশিপুর বিওপির কমান্ডার হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে একটি টহলদল সন্দেহভাজন দুইজন নারীকে আটক করে। পরে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনসার ভিডিপির নারী সদস্য দিয়ে তল্লাশী করে শরীরে আটকানো অবস্থায় পলিথিনের চারটি পোটলায় তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাশিপুর বিওপির কমান্ডার হাবিলদার মাসুদ রানা বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলারপর মালামালসহ ফুলবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে’। এছাড়া, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার পারভেজ জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।














