তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের কর্মসংস্থানের অঙ্গীকার জেলা প্রশাসকের

0
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের কর্মসংস্থানের অঙ্গীকার জেলা প্রশাসকের

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল ও উন্নত দেশ গঠনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অবশ্যই ভূমিকা থাকতে হবে। তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, জেলা প্রশাসকের কার্যালয়েও অস্থায়ী ভিত্তিতে তাদের চাকরি প্রদান করা হবে। ইতোমধ্যেই আমাদের সমাজসেবা কার্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এক সঙ্গে সম্পৃক্ত হয়ে চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের অধিকাংশকে কম্পিউটার, সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের জন্যই আমাদের জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।’

তিনি আরো বলেন, ‘করোনা মহামারির এ কঠিন সময়ে আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদেরকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করতে। আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আমরা আজ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করছি। গত এপ্রিল মাসেও আমরা প্রায় ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেছিলাম।’

উল্লেখ্য এইদিন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোট ৪৫০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি লবণ, এক কেজি চিনি ও এক প্যাকেট বিস্কুট দেয়া হয়।