নাইজেরিয়ায় আবারো স্কুলে হামলা

0

নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে অস্ত্রধারীদের হামলার পর নিখোঁজ হয়েছে প্রায় দেড় শতাধিক স্কুল শিক্ষার্থী।

স্থানীয় সময় সোমবার দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে এ হামলাটি চালানো হয়।

এক সংবাদ বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, কাদুনা রাজ্যের দক্ষিণ কাদুনার বেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সময় সোমবার রাতে একদল অস্ত্রধারী হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা অপহরণের শিকার হয়েছে। তবে দুই শিক্ষার্থীসহ মোট ২৬ জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৮০ শিক্ষার্থী। এরপরই নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা গুলি চালিয়ে অস্ত্রধারীরা স্কুলে ঢুকে পড়ে। তবে এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

উল্লেখ্য, নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতা আগের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০টি স্কুলে অস্ত্রের মুখে এমন অপহরণের ঘটনা ঘটিয়েছে তারা। মূলত অপহরণ করে মুক্তিপণের উদ্দেশ্যেই তারা এ কাজ করে থাকে।