মুন্সীগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের ৭০ বছর বয়সের এক বৃদ্ধের কাফনে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাত ৮টার দিকে লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন।
তিনি জানান, দক্ষিণ হলদিয়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে সোমবার রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বেশ কিছু দিনের পুরনো লাশটির মাংস খসে অনেকটা কঙ্কালে পরিণত হওয়ায় ধারনা করা হচ্ছে, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত কোনো কবর থেকে ভেসে এসেছে। লাশটি নৌ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেন তিনি।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটি কঙ্কাল হলেও গালে দাড়ি ছিল। ধারণা করা হচ্ছে, বয়স আনুমানিক ৭০ বছর হবে।














