বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় শনিবার দুপুর ও বিকেলে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত ওই দুই শিশুর মধ্যে মো. হোসাইন (৪) মুলাদীর চরডিক্রী এলাকার আবুল কাসেম সরদারের ছেলে এবং আরেক শিশু আছিয়া (২) হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের সোহেল মাতুব্বরের মেয়ে।
শিশু হোসাইনের স্বজনদের থেকে জানা যায়, শনিবার বিকেলে হোসাইন একা বাড়ির সামনে খেলছিল। এরপর হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাকে ভাসতে দেখতে পান। সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল হাসান টিপু বলেন, ‘হোসাইনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন আমাদের কারোরই আর কিছু করার ছিল না।
এদিকে আছিয়ার পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আছিয়ার মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালীন কোনো এক সময়ে সে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। পরে তাকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে থাকলে হঠাৎ বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল সাকিব বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।’














