মাছের ড্রামে লুকিয়ে বাড়ি যাচ্ছিলেন তারা

0

চলমান কঠোর লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে বসেছিলেন মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর। প্রায় ১০ টি ড্রামে ছিলেন প্রায় ১০ জন যাত্রী। ঢাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পুলিশের অলক্ষ্যে ফাঁকি দিয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যান তারা।


শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারের পর পুলিশ ড্রাম থেকে যাত্রীদের বের করলেও ছেড়ে দেয়। তবে ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ট্রাককেও জব্দ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রায় ১০ জন ঢাকা থেকে ওই ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট তারা অনায়াসেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার হয়ে যায়। তবে রাজেন্দ্রপুর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালাতে গেলে মাছের ড্রাম থেকে বেরিয়ে আসেন লুকিয়ে থাকা যাত্রীরা।


গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মেহেদী হাসান বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তার চেকপোস্টে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়৷ এরপর ভেতরে তল্লাশি করা হলে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রীকে দেখা যায়। যাত্রীদের ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’