রবিবার ভোরে যশোর সদর উপজেলার গহেরপুর গ্রামে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণার অভিযোগে কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তিনি একই গ্রামের বক্কার মোল্যার ছেলে। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, ‘যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মধু হোসেনকে (২৪) সেনাবাহিনীর মালি পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০২০ সালের ৯ জুন তাদের কাছ থেকে ৬ লাখ টাকা নেয় অভিযুক্ত কামাল হোসেন। বিনিময়ে তিনি তাদের সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া আইডি কার্ড প্রদান করেন।
এরপর তিনি মধুকে নিয়ে ঢাকা সেনানিবাসে যান এবং যশোর সেনানিবাসে বদলি হওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১২টার পর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন রবিউল ইসলাম। পরে রবিবার ভোরে কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’
তিনি আরো বলেন, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার নামে ওয়েবসাইট খুলে ভুয়া চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এ চক্রটির সন্ধানে ডিবি কাজ করছে।














