বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরিশালের উজিরপুর থেকে অপহরণের ৩৮ দিন পর গাজীপুর থেকে এক তরুণীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে মো. মিজান নামে একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান বলেন, ‘গত ২৮ জুন উজিরপুর উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় থানায় তার মেয়ের (১৬) অপহরণের মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয়, একই এলাকার বাসিন্দা ময়না বেগম ও লিপি বেগমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পাচারের উদ্দেশে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে।’
তিনি আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল-বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া গ্রামের মো. মিজানের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।
পরে ওইদিনই রাত সাড়ে ১২টার দিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে মো. মিজানকেও ধরা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে মিজানকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে উদ্ধারকৃত সেই তরুণীকেও এদিন আদালতে সোপর্দ করা হয়েছে।














