দিনাজপুরের বোচাগঞ্জে মোটরসাইকেল আরোহী এক কনস্টেবল ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
গতকাল সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার ইসলামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের নাম সুনিল রায় (২৬)। তিনি বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের সহজপুর গ্রামের সমর চান রায়ের ছেলে।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান সরকার বলেন, “কনস্টেবল সুনিল রায় ঢাকায় মেট্রোপলিটন পুলিশের মিরপুর-২ এ কর্মরত ছিলেন। তিনি সেখানে এক সিনিয়র অফিসারের গাড়ি চালাতেন। তিনি ছুটিতে বোচাগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌর শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।”
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।














