বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুরে মাদকাসক্ত হয়ে বাবা, চাচাকে নির্যাতনের অভিযোগে সুমন্ত সরকার (৩৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়ের পর বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে সুমন্ত সরকার প্রায়ই নেশা করে বাবা, চাচা, চাচাতো ভাইকে শারীরিকভাবে নির্যাতন করত। বিভিন্ন সময় তাকে শাসন করার জন্য স্থানীয় ব্যক্তিরা পদক্ষেপ নিলেও শুধরায়নি সুমন্ত সরকার। পরবর্তীতে বাধ্য হয়ে তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
কিন্তু নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগের পর সে আরও বেশি উত্তেজিত হয়ে বাবা ও চাচাতো ভাইসহ অন্যদের চাকু নিয়ে ভয় দেখায় ও ঘরের মালামাল ভাংচুর করে।
এরপরই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ বুধবার ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সুমন্ত সরকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সত্যতা নিশ্চিত করেছেন।














