অষ্টম শ্রেণী পাশ করে বিশেষজ্ঞ ডাক্তার

0

চট্টগ্রাম থেকে মো. খোরশেদ আলম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন কর্নেল জোন্স রোডে কাট্টলি মেডিকেল হল নামক ফার্মেসি থেকে এই ভুয়া চিকিৎসককে আটক করে আকবর শাহ থানার পুলিশ। আটককৃত খোরশেদ আলম হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি নগরের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ পূর্বে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয়ের চাকরি করতেন। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন না করলেও ৬ মাস আগে চট্টগ্রামে এসে রীতিমতো চেম্বার খুলে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চিকিৎসা দিচ্ছেন। এর পূর্বেও তিনি গত ২০১৭ সালে মাগুরায় এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড ভোগ করেছিলেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন জানান, ভুয়া চিকিৎসক মো. খোরশেদ আলম এক সময় ঢামেক হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করেছিলেন। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও গত ৬ মাস যাবৎ কর্নেল জোন্স রোডে কাট্টলি মেডিক্যাল হল নামে একটি ফার্মেসিতে রোগী নিয়মিত দেখতেন। নিজেকে পরিচয় দিতেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি), নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন রোগসহ বেশকিছু বিষয়ে বিশেষজ্ঞ বলে। আটকের সময় আলামত হিসেবে চিকিৎসকের সরঞ্জাম, সীলমোহর, নামফলক, ভিজিটিং কার্ড ও কাগজপত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।