পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা সম্প্রতি সিঙ্গাপুরে আইসিসির কর্তাদের সঙ্গে ওয়ার্কশপে বসেন। সেখানেই ইতিবাচক ফলাফল পায় পিসিবি। ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেল পাকিস্তানের।

সেই মিটিংয়ের পর সদস্যরা এফটিপির আপডেট সংস্করণ প্রকাশ করে বলে জানায় ইএসপিএন-ক্রিকইনফো। সেখানে পাকিস্তানের ম্যাচের সংখ্যা বৃদ্ধি পায়। একইসংখ্যা বাংলাদেশের ম্যাচসংখ্যাও বৃদ্ধি পায়। তবে টেস্ট এবং ওয়ানডের সংখ্যা অপরিবর্তিত রয়েছে টাইগারদের। শুধু বেড়েছে দুটি টি-টোয়েন্টি। সর্বমোট ম্যাচসংখ্যার দিক থেকে এখনো পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আগের এফটিপি অনুযায়ী, ২০১৯ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত পাকিস্তান ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু আপডেট সংস্করণে সেটি বেড়ে ১২১-এ উন্নীত হয়েছে। পাকিস্তানের দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি বৃদ্ধি পেয়েছে।
আপডেটকৃত এফটিপি অনুযায়ী, বাংলাদেশ আগের মতোই ২০১৯-২০২৩ মেয়াদে ৩৫টি টেস্ট এবং ৪৫টি ওয়ানডে খেলবে। তবে টি-টোয়েন্টির সংখ্যা ৪২ থেকে ৪৪-এ উন্নীত হয়েছে।














