ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবল লিগ কাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় পেয়েছে। সিটি ও লেস্টার সিটির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ের খেলাতে কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় লেস্টারকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে খেলার ২৬তম মিনিটে বার্নারদো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে (৯০+৭) জেমি ভার্ডি পেনাল্টি থেকে গোল করলে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে। তবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যানচেস্টার সিটির জয়ের নায়ক ক্লদিও ব্রাভো। অন্যদিকে লেস্টার সিটির খলনায়ক রিয়াদ মাহরেজ ও ভার্ডি। ভার্ডির নেয়া পেনাল্টি কিক পোস্টে লেগে ফিরে আসলে সিটির জয়ের পথ তৈরি হয়। এরপর মাহরেজের শট ম্যানসিটি গোলরক্ষক ব্রাভো রুখে দিয়ে জয়ের উৎসবে মেতে ওঠে পেপ গার্দিওলার দল।














