আজ ১১ জুলাই রবিবার দুপুরে লামা উপজেলার লামা-চকরিয়া সড়কে লাইনঝিরি এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু ও আরো ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
লামা থানা ওসি মিজানুর রহমান বলেন, রবিবার সকালে লামা-চকরিয়া সড়কে লাইনঝিরি এলাকায় দুদিক থেকে আসা ট্রাক-মাহিন্দ্র-মোটসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত বা আহত কারোরই তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
লামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার শাফায়েত হোসেন সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা স্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়।
এছাড়া আহত তিনজনকেও উদ্ধার করে ঐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিলো। কিন্তু আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী।













