ময়লা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন বৃদ্ধ, ইট পড়ে মৃত্যু!

0

রংপুরে নির্মাণাধীন ৩ তলা ভবনের উপর থেকে ইট পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অর্জুন বাসফোঁড় (৫৭) নামে নিহত বৃদ্ধ পেশায় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শালবন এলাকায় রামপাল চন্দ্র নামে এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ চলছিল। হঠাৎ ভবনটির ২য় তলার একদিকের দেয়ালের একটি ইট খসে নিচে পড়ে যায়। এসময় বাসায় ময়লা-আবর্জনা নিতে আসা পরিচ্ছন্নতাকর্মী অর্জুন বাসফোঁড় নিচে অপেক্ষা করছিলেন। উপর থেকে পড়া ইটের আঘাতে অর্জুনের মাথা থেতলে যায়। পরে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দূর্ঘটনার সময় রাজমিস্ত্রি জাকির হোসেন ওই ভবনে কাজ করছিলেন। তিনি বলেন, “হঠাৎ দেয়াল খসে গিয়ে একটি ইট পড়ে। সাথে সাথে নিচে নেমে এসে দেখি একজন বৃদ্ধ ছটফট করছে। বিষয়টি বাসার মালিককে জানিয়ে আহত বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। কিন্তু অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

নির্মাণাধীন ভবনের মালিক রামপাল চন্দ্র এটাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে জানান, “এটি একটি দুর্ঘটনা, কারও ইচ্ছায় ঘটেনি। আমি জানতে পেরে সাথে সাথে আহত অর্জুনকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে যোগাযোগ করি। কিন্তু মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়।”

ঘটনা জানাজানি হবার পর নগরের বিভিন্ন এলাকা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ওই বাসাটির সামনে জড়ো হতে থাকে। এরপর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক রামপাল চন্দ্র (৬০) ও রাজমিস্ত্রি জাকির হোসেনকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, “এই ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।”