রাজবাড়ী সদর উপজেলায় পানিতে ডুবে নাফিস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চর বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাফিস ওই এলাকার মুদি দোকানি সেন্টু শেখের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায় শিশু নাফিস। অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”














