‘কত দূর’ এ অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ বা তার কাছাকাছি যাত্রীবাহী বাসের অবস্থান জানতে পারবেন। একইসঙ্গে তিনি এখন নির্দিষ্ট রুটের কোথায় অবস্থান করছেন তাও জানতে পারবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সকালে গাবতলীতে এই অ্যাপ উদ্বোধন করেন ।এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে এই ডিজিটাল অ্যাপ চালু করা হয়েছে। গুগলের প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল দিয়ে ব্যবহার করা যাবে।
এ সময় মন্ত্রী গাবতলীতে বিআরটিসি বাস ডিপোরও উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, নতুন চেয়ারম্যান আসার পর থেকে বিআরটিসিতে শৃংখলা ফিরে আসতে শুরু করেছে। আমার বিশ্বাস, আমার সচিবও একজন সৎ পথের মানুষ, নতুন চেয়ারম্যানও তাই। আশা করি, এদের নেতৃত্বে বিআরটিসির আরো উন্নতি ঘটবে।
তিনি বলেন, ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে, শিগগির দরপত্র আহ্বান করা হবে। নতুন বাস আমদানি হলে বিআরটিসি আরো সমৃদ্ধ হবে।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির দুর্নীতি, অনিয়ম, যাত্রী হয়রানি রাতারাতি বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে এটি বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি, বিআরটিসি তাদের এসব অভিযোগ থেকে মুক্তি পাবে।













