করোনা পজিটিভ হয়েও মোবাইল কোর্টে উপস্থিত এসিল্যান্ড

0

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে দিয়ে এরপর মোবাইল কোর্ট পরিচালনা করাসহ উপজেলা অফিসে অবাধ যাতায়াত করেছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার এসিল্যান্ড নেহের নিগার তনু। এসিল্যান্ডের এমন কার্যকলাপে আতঙ্ক বিরাজ করছে উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীসহ ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীদের মাঝেও।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর কোভিডের আক্রান্তের খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। গত সোমবার এসিল্যান্ড, তাঁর ননদ ও একজন কর্মচারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিডের পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছিলেন। পরীক্ষায় এসি ল্যান্ড বাদে এন্টিজেন টেস্টে তাদের দুজনের করোনা সনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এন্টিজেন টেস্টে এসিল্যান্ডের ননদ ও কর্মচারীটির কোভিড পজিটিভ রেজাল্ট এসেছিল। অধিকতর পরীক্ষার জন্য আমরা এসিল্যান্ডের নমুনা হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে পাঠাই। মঙ্গলবার হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় এসিল্যান্ড নেহের নিগার তনুর নমুনায় করোনা সনাক্ত করেন। বর্তমানে এসিল্যান্ড নেহের নিগার তনু নিজ বাসভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এদিকে সাবেক ইউপি সদস্য আসাদ খলিফা জানান, তার বাড়িতে এসিল্যান্ড অভিযানে এসেছিল। এখন তার করোনা পজিটিভ হওয়ায় তিনিসহ পুরো বাড়ির সবাই চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। এসিল্যান্ড সোমবার তার বাড়িতে অভিযানসহ উপজেলা সদর বাজার, ছয়গ্রাম বাজার, গৈলা বাজার, ডিএসবি বাজার, কাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান করেন।