বগুড়ায় ট্রাকের চাপায় নিহত এক শিক্ষার্থী

0
বগুড়া Bogura

বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রিপন মিয়া নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরি করতেন তিনি। রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজরুকমাঝিড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের একটি মেসে থেকে পড়ালেখা করতেন রিপন মিয়া। আর্থিক সংকটের কারণে পড়াশোনার খরচ জোগাতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরি করতেন। করোনা মহামারীর কারণে কলেজ বন্ধ থাকায় তিনি বাড়ি থেকে প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়া আসা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন রিপন। রংপুর–ঢাকা মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই রিপনের পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছে। পুলিশ ট্রাক আটক করতে পারলেও চালক ও সহকারীকে পাওয়া যায়নি।