মঙ্গলবার রাতে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উন্নীত হয় গানাররা। ইংলিশ ফুটবল লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ২০১০-১১ সালের পর প্রথমবারের মতো লিগ কাপের সেমিতে ওঠে আর্সেনাল।

আর্সেনালের জয়ের নায়ক ড্যানি ওয়েলব্যাক। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলার ৪২তম মিনিটে তার গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
দিনের অপর কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে লেস্টার সিটিকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল।
বুধবার অপর কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে আতিথ্য দেবে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নামবে ব্রিস্টল সিটির মাঠে। শেষ কোয়ার্টার ফাইনালের শেষ বাঁশি বাজার পর সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে দলগুলো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে লড়বে।














