রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁর মান্দায় বাস খাদে পড়ে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ (আনুমানিক) জন। উপজেলার সতিহাট পঞ্চমিতলা জ্যালাঘাটী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম। অপরজন বাসের হেলপার ইসমাইল হোসেন।
জানা যায়, সকালে যাত্রী নিয়ে রাজশাহী থেকে তিশা ট্রাভেলস নামে একটি বাস নওগাঁর দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সতিহাট পঞ্চমিতলা জ্যালাঘাটী এলাকায় আরেকটি বাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের ইঞ্জিনের উপর বসে থাকা ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে এবং হেলফার ইসমাইল হোসেন বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।













